প্রজনন মৌসুম ঘিরে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে দীর্ঘ দুই মাস কাঁকড়া আহরণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা আবারো কাঁকড়া ধরতে নৌকা নিয়ে সুন্দরবনে ফিরেছেন। বন বিভাগের অনুমতি পেয়ে গতকাল সকাল থেকে কাঁকড়া আহরণ শুরু করেছেন তারা।
জেলেদের অভিযোগ, বন বিভাগ যে উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা সফল হয়নি। কারণ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণীর জেলে মাছ ধরার অনুমতি নিয়ে ডিমওয়ালা কাঁকড়া শিকার করেছেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সুন্দরবনসংলগ্ন এলাকার কয়েকজন জেলে বলেন, ‘বন বিভাগ যে উদ্দেশ্যে দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল, তা সফল হয়নি। কারণ প্রজনন মৌসুমেও একশ্রেণীর জেলে মাছ ধরার অনুমতি নিয়ে ডিমওয়ালা কাঁকড়া শিকার করেছেন। বন বিভাগের কিছু বনরক্ষী ও কর্মকর্তা এসব জেলেকে কাঁকড়া শিকারের সুযোগ করে দেন।’
কাঁকড়া শিকারের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা ও বন রক্ষীদের সংশ্লিষ্টতার বিষয়ে বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ‘কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’










