বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ এই পরিবারের আট সদস্য ও অ্যাননটেক্স গ্রুপের মোহাম্মদ ইউনুছসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার (২১ অক্টোবর) এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী সাবরিনা সোবহান, আরেক ছেলে সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান এবং আরো দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে। তারা দেশত্যাগের পরিকল্পনা করেছেন। তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আদালতকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন।

অ্যাননটেক্স গ্রুপের মোহাম্মদ ইউনুছ, কাজী মোস্তফা সারওয়ার, আবদুল্লাহ সিদ্দিক ও মোহাম্মদ কবির হোসেনের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন আদালতকে বলেছেন, অ্যাননটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জালিয়াতি, আত্মসাৎ, অর্থ হস্তান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অ্যাননটেক্স গ্রুপের এ চারজন দেশত্যাগের পরিকল্পনা করেছেন বলে দুদক জানতে পেরেছে।