কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কাজল হোসেন (৪২)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।
কাজল হোসেন ওই ইউনিয়নের দৌলতখালী
গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন।
গতকাল বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার
দিকে সর্দারপাড়া মোড়ে কাজলকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে
যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন কাজলের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন দৌলতপুরে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
তিনি জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে
একই এলাকার সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ চলছিল। এর জেরে হামলা করতে পারে।
ওসি বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ
তদন্ত শুরু করেছে।










