স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার এ শোভাযাত্রা শুরু হয়। শেষ হবে আগামীকাল।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর একটি দল সাইকেল শোভাযাত্রা সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছে। সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এ শোভাযাত্রায় যোগ দেয়। দুই দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় শোভাযাত্রা করেন। কুষ্টিয়া থেকে গতকাল সকাল ১০টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে তারা মেহেরপুরের উদ্দেশে রওনা দেন। শোভাযাত্রাটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ শোভাযাত্রাটি আগামীকাল চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থলবন্দরে ভারতীয় সেনাবাহিনী এ শোভাযাত্রা দলটিকে স্বাগত জানাবে।
শোভাযাত্রায় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরা কাজ করছেন।










