প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্রীয় জীবনের বড় দুর্বলতা হলো আমরা এক কদম এগিয়ে দুই কদম পিছিয়ে যাই। জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু ৫৫ বছরেও আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। ব্যবস্থার ভেতরে মৌলিক ত্রুটি রয়ে গেছে এবং ক্ষমতাই পরিবর্তনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

গতকাল দুপুরে বরিশালে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর বেলর্স পার্কে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বাধা হয়ে দাঁড়াচ্ছে। গণভোটের মাধ্যমেই এ ব্যবস্থার পরিবর্তন সম্ভব।’

তিনি আরো বলেন, ‘দেশের ৩০টি রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে আয়োজনের বিষয়ে একমত হয়েছে। একইভাবে গণভোটের প্রশ্নেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। গণভোটের মাধ্যমে জাতীয় সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে বিরোধী দলের নেতৃত্বে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, যা জবাবদিহিতা নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা হলে লুটপাট বন্ধ হবে, দুর্নীতি কমবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। কৃষক ন্যায্য মূল্য পাবে। এবারের গণভোট কোনো ক্ষমতার গণভোট নয়, এটি রাষ্ট্র কাঠামোর গণভোট।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘নির্বাচনে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে গণভোটের ব্যালটে “‍হ্যাঁ” ভোট দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের বিষয়টি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের অনুরোধ করেন।’