রাজশাহীতে ঈদুল আজহার কোরবানির ছাগলের চামড়া কিনছেনই না ব্যবসায়ীরা। কেউ কেউ ৫ থেকে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ছাগলের চামড়ার দাম পেয়েছেন। কেউ আবার গরুর চামড়ার সঙ্গে টাকা ছাড়াই ছাগলের চামড়া দিয়ে দিচ্ছেন।

রাজশাহীর চামড়ার বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাজশাহী নগরীর শালবাগান এলাকায় চামড়া বিক্রি করতে এসেছেন মৌসুমি ব্যবসায়ী আব্দুর রহিম। তিনি বলেন, এবারের ঈদে চামড়ার দাম খুবই কম। আমার কাছে ছাগল ও ভেড়া মিলে ৫৩ পিস চামড়া রয়েছে। এ চামড়াগুলোর দাম বলছে মাত্র ৩০০ টাকা। ছাগলের চামড়া কেনার চেয়ে দাম কম। ফলে লস হচ্ছে।

নগরের পঞ্চবটী শ্মশানঘাট এলাকার মৌসুমি চামড়া ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, গতবার ছাগলের চামড়ায় লস খেয়েছি। পা ধরে ছাগলের চামড়া দিয়ে আসছি। ১০০ টাকায় ৮৪টি খাসির চামড়া বিক্রি করেছি। এবার আর কিনছি না।

রাজশাহী চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, চামড়ার দাম গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এবার এক হাজারেও গরুর চামড়া বিক্রি হয়েছে। তবে ছাগলের দাম নেই। অনেকেই নিতে চাচ্ছে না। তাই এগুলো অনেক ব্যবসায়ী কিনছেন না। তনে যারা কিনছেন তারা তো বিক্রি করছেন।