কিশোরগঞ্জের ভৈরবকে প্রস্তাবিত ৬৫তম জেলা ঘোষণার দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছাত্র-জনতার ব্যানারে গতকাল ভৈরবের শম্ভুপুর রেলগেট এলাকায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে কিশোরগঞ্জ ও ভৈরবকে ঢাকা বিভাগে রাখার দাবি জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিনের দাবি ভৈরবকে দেশের ৬৫তম জেলায় রূপান্তর করা। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে বিগত সরকার তাদের দাবি পূরণ করেনি। তাই বর্তমান সরকারের কাছে দাবি থাকবে দ্রুত ভৈরবকে জেলা ঘোষণাসহ সেটি বাস্তবায়ন করবে। তা না হলে ভৈরবে সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে ভৈরব থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ছাত্র-জনতা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন। ট্রেনটি শম্ভুপুর এলাকায় ৫-৭ মিনিট থেমে ছিল।

ভৈরবকে ৬৫তম জেলা হিসেবে ঘোষণা করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০০৯ সালের ১৫ অক্টোবর একটি পরীক্ষা ও পর্যালোচনা কমিটি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে পরবর্তী সময় জেলা করার ব্যাপারে অন্য কোনো উদ্যোগ নেয়নি সরকার। এছাড়া সম্প্রতি কিশোরগঞ্জকে সরকার ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে সরকারিভাবে এমন ঘোষণার সত্যতা পাওয়া যায়নি। ওই খবরের ভিত্তিতে ১২ অক্টোবর বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।