বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাংচুরের প্রতিবাদে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জানান, যতদিন পর্যন্ত এ ঘটনার বিচার না হবে ততদিন পর্যন্ত ধর্মঘট থাকবে।
বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে ফেস্টুন টানাচ্ছিলেন এক গাড়িচালক। এ সময় সেটি হাত ফসকে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের একটি বাসের ওপর পড়ে। এ সময় চালক ব্যানার টানাতে আসা একজনকে ধরে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। সেখানে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগীর হোসেনও উপস্থিত ছিলেন। মারধরের খবর পেয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দার ঘটনাস্থলে যান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা ছগীর হোসেনকে মারধর করেন বলে অভিযোগ বাস মালিক সমিতির নেতাদের।
এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসানের নেতৃত্বে হামলা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ‘একটি ফেস্টুন টানানোর ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা বা হামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেব।’










