স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভাস্কর্য বাংলাদেশের কৃষ্টি, সম্পদ।  এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। 

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পার্বত্য তিন জেলা, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

এসময় হেফাজত ইসলামের সাবেক আমির আহমদ শফির মৃত্যুতে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে দায়েকৃত মামলা প্রত্যাহারের দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলা করেছেন স্বজনরা।   মামলায় সরকারের কোনো ইন্ধন নেই। তাই মামলা প্রত্যাহার হবে কিনা সে বিষয়ে সরকার জানে না। 

তিনি বলেন, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে সংক্ষুব্ধ যে কেউ মামলা দায়ের করতে পারেন। বিচার বিভাগ স্বাধীন। নিজস্ব গতিতেই চলছে বিচার বিভাগ।  

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা সেবার আওতাধীন ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জেলা কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সঙ্গে বিশেষ সভায় যোগ দেন। 

এর আগে মন্ত্রী খাগড়াছড়ি পৌঁছলে শহরের নারিকেল বাগান সড়কস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

আজ উদ্বোধন হওয়া ৬ জেলার মধ্য দিয়ে ৬৪ জেলা ই-পাসপোর্ট সেবার কার্যক্রম চালু হলো।  মুজিব জন্মশতবার্ষিকীতে গত ২২ জানুয়ারি ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।