জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। গতকাল বিকালে আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মাহমুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে এ যাত্রা আমার জন্য সহজ হবে।
এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল সাময়িক দায়িত্বপ্রাপ্ত হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হন অধ্যাপক মো. নূরুল আলম। তিনি সাবেক উপাচার্য ফারজানা ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এবার স্থায়ী ভিত্তিতে উপাচার্য হলেন অধ্যাপক মো. নূরুল আলম।
গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে অধ্যাপক নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। ওই নির্বাচনে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন প্রথম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার তৃতীয় হন।
অধ্যাপক নূরুল আলম ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন, অর্থ কমিটি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিন মেয়াদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।










