খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে বাবা প্রফুল্ল বিশ্বাসকে (৬২) হত্যার দায়ে ছেলে প্রশান্ত বিশ্বাসকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নবকুমার চক্রবর্তী বলেন, নিহত প্রফুল্ল বিশ্বাসের বড় ছেলে প্রশান্ত বিয়ের জন্য মা-বাবাকে চাপ দিতেন। এ নিয়ে তাদের পরিবারে প্রায়ই কলহ হতো। ২০১৭ সালের ১৭ জানুয়ারি  সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে পাশের বাড়ির সুভদ্রা বিশ্বাস নামের এক নারী প্রফুল্ল বিশ্বাসের গলাকাটা মরদেহ দেখে চিত্কার দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় প্রফুল্ল বিশ্বাসের ছোট ছেলে বাদী হয়ে বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। প্রশান্ত বিশ্বাস বেনাপোল বন্দর হয়ে ভারতে চলে যান।

তিন মাস পর দেশে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন প্রশান্ত। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মাহফুজুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন।