নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে আর্থিক লেনদেনসহ অনিয়মের অভিযোগ তুলেছেন নিয়োগবঞ্চিতরা। এর প্রতিবাদে গতকাল পুলিশ লাইনসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিয়োগবঞ্চিতরা জানান, নাটোর পুলিশ লাইনসে গতকাল লং জাম্পসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বাদ পড়া প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুক লাইভে অভিযোগ করেন, আর্থিক চুক্তিতে অযোগ্য প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ‘নিয়োগে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। অনিয়মের অভিযোগ সঠিক নয়। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলছে। অকৃতকার্যদের একটি অংশ হঠাৎ করে বাইরে এসে চিল্লাচিল্লি শুরু করে। এখানে অযোগ্য ঘোষিত প্রার্থীদের ডেকে নেয়া হয়নি। বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, একটি পক্ষ তাদের উসকে দিয়েছে। নাটোরে ৫০ লোক নিয়োগ হবে, যেখানে আবেদন করেছেন ৪ হাজার ৪০৭ জন।’

এ বিষয়ে রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর রহমান জানান, নিয়োগে কোনো অনিয়মের সুযোগ নেই। গত শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন ছিল। গতকাল লং জাম্পসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।