জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ডিজিটাল বাংলাদেশে কেউ বেকার বসে থাকার সুযোগ নেই, ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করার সুযোগ রয়েছে। আর নয় বেকারত্ব, যেকোনো প্রশিক্ষণ সেন্টার থেকে এক বা দুই বছর প্রশিক্ষণ নিয়েই অনলাইনের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারছেন নারী বা পুরুষ। গতকাল দুপুরে মেহেরপুরে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক সেমিনার আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে অনেকে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও মিথ্যা প্রচার করছে। ইউটিউব ও অনলাইন খুললেই দেখা যাবে কীভাবে মিথ্যাচার করছে। আওয়ামী লীগের সরকার ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, অথচ তাদের বিরুদ্ধেই ডিজিটালেজেশনের মাধ্যমে মিথ্যা প্রচার করছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।