নেত্রকোনার কলমাকান্দায় শিশু নাঈম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার কৈলাটী বাজারে নেত্রকোনা-কলমাকান্দা সড়কে এলাকাবাসীর উদ্যোগে গতকাল দুপুরে এ কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত শিশুটির বাবা খোরশেদ আলম তালুকদার, এলাকাবাসী শেখ মতিয়র রহমান, মো. জয়নাল আবেদীন, আজিজুর রহমান রউফ, মিজানুর রহমান প্রমুখ।
এলাকাবাসী জানান, জেলার কলমাকান্দার কৈলাটী গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলম তালুকদারের সঙ্গে দীর্ঘদিন একই গ্রামের মো. লুত্ফুর রহমান ওরফে খালেক, গিয়াস উদ্দিন ও আমিরুল ইসলামের বিরোধ চলছিল। দুই পক্ষের মধ্যে মামলাও চলছিল। লুত্ফুর রহমান কিছুদিন আগে ধারালো অস্ত্র নিয়ে খোরশেদ আলম তালুকদারকে হত্যার চেষ্টা চালায়।
গত ২৩ ডিসেম্বর খোরশেদ আলমের সাড়ে তিন বছরের ছেলে নাঈমের মরদেহ গ্রামের এক ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন কলমাকান্দা থানায় অপমৃত্যু মামলা হয়। এ ঘটনায় শিশুটির বাবা খোরশেদ আলম তালুকদার বাদী হয়ে ১ জানুয়ারি লুত্ফুর রহমান ওরফে খালেক, গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম,
সোয়াইব হোসেনসহ ১৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।
এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিশুটির বাবা ও এলাকাবাসীর অভিযোগ, মামলা করার পরও পুলিশ রহস্যজনক কারণে কোনো আসামিকে গ্রেফতার করছে না। আসামিপক্ষের লোকজন কৈলাটী বাজারে ব্যবসা করছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










