দেশের মানুষের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়া নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক দিক থেকে আরো শক্তিশালী করা হবে। রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন কষ্টার্জিত অর্থ দিয়ে ভেজাল বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের প্রায় ১৮ কোটি মানুষের অধিকার সুরক্ষায় এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আধুনিক করতে প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেবাগুলো পর্যায়ক্রমে অনলাইন প্লাটফর্মে নেয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের আকারের চেয়ে মানুষের জীবনে এর কাজের প্রভাব কতটা পড়ছে, সেটাই প্রধান বিবেচ্য বিষয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এতে আরো উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

সভায় অধিদপ্তরের বিদ্যমান কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, জনবল কাঠামো এবং সেবা সহজ করার নানা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।