জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যৌন নিপীড়ন বিরোধী সেল পুনর্গঠন করা হয়েছে। যৌন নির্যাতন, যৌনতা বিষয়ক হয়রানি ইত্যাদি বিষয়ে অভিযোগ দায়েরের জন্য হাইকোর্টের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত কমিটি পুনর্গঠন করা হয়।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা। কমিটির অন্য সদস্যরা হলেন- আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক জনাব জেবুন্নেছা জেবা, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইশিতা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন। এছাড়া সদস্য সচিব হিসেবে থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) শাহনাজ হোসেন।

অধ্যাপক ড. জেবউননেছা বলেন, সাধারণ শিক্ষার্থীরা অনেকেই নিপীড়ন বিরোধী সেল সম্পর্কে জানে না। তারা অনেক সময় নিপীড়িত হলেও কোথায় অভিযোগ করতে হবে তা জানে না। তাই ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক ব্যাচকে নিয়ে সেমিনারের আয়োজন করতে চাই। আমি আশা করি কমিটির অন্য সদস্যরা আমার সাথে একমত হবেন। বিভিন্ন সময়ে সচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে নতুনদের কাছে এই সেলকে তুলে ধরতে চাই। এছাড়া বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানাতে চাই।