ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জহিরুল ইসলাম ও জোছনা আক্তারের ছেলে। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। এরপর স্বজনরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজাখুঁজি চালালেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের খালে তার মরদেহ ভেসে ওঠে। পরে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হচ্ছে। তবে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।