তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য সুবিধা যুক্ত করা হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ক্ষমতার এ পালা-বদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে, আমাদের পশ্চাৎপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এ কাজ চলতে পারে না। আর তাই ফ্যামিলি কার্ড দিতে চাই।
তিনি আরো বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। ইনশাআল্লাহ এ মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এ কার্ড পৌঁছতে পারি, তাহলে পরিবারের নারীরাই হবে এ কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অংক দিয়ে শুরু করব, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকব।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।










