কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ২০১৬ সালে নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামী লীগ কর্মী মাসুদ করিম হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ছয় আওয়ামী লীগ নেতাকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস (৫৩), তার ভাই হাবিল উদ্দিন বিশ্বাস (৪৯), বাবলু বিশ্বাস (৪৬), একই গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাহমুদুল হাসান সবুজ, কামরুজ্জামান বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলাম বিদ্যুৎ (৩৪) ও মৃত জলিল গাইনের ছেলে মাসুদ গাইন (৩৮)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। মাসুদ গাইন ও বিদ্যুৎ পলাতক।

মামলায় তিনজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় ১৫ জনকে খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২৮ এপ্রিল সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ কর্মী মাসুদ করিম নিহত হন।