সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তমাল।
র্যাব-১২, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গতকাল ভোরে পাবনার ঈশ্বরদী থেকে তমালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা পাওয়া গেছে।
ব্যবসাপ্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাংচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তমালকে বহিষ্কার করে যুবলীগ।










