চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। গতকাল সকাল ৬টা ৪২ মিনিটে এ দুর্ঘটনার ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩ ঘণ্টা বন্ধ থাকার পর রেললাইন মেরামত করা হলে যোগাযোগ পুনরায় চালু হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত লাইন মেরামত করা হয়। উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগিগুলো উদ্ধার করে সিলেট রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণে সকালে ঢাকাগামী ট্রেন স্টেশনে আটকা পড়েছিল। পথে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনও। পরে কিছুটা দেরি করে ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যায়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, এর পরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সিলেট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান ভুইয়া জানান, খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন। গুরুতর হতাহতের কোনো ঘটনা নেই। ট্রেনের ১৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।










