পিরোজপুরে বেকুটিয়া ফেরি ঘাটে কঁচা নদীতে পড়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফী (৪০) নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কাফীর বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামে। তার বাবার নাম মৃত কেফায়েত উল্লাহ।

জানা গেছে, সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা কাফী সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরি ঘাটে নেমে মোবাইলে কথা বলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

কাফীর ব্যক্তিগত গাড়ির চালক মো. ইব্রাহিম জানান, তারা সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলেন। গাড়িটি পিরোজপুরের বেকুটিয়ায় কঁচা নদীর ফেরিতে ওঠার পর পার হওয়ায় জন্য অপেক্ষা করছিল। ফেরি চলাচলের বিরতিতে কাফী মোবাইল ফোনে কথা বলতে বলতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে এ শুল্ক কর্মকর্তার মা, স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান।

কাফির সাত বছরের একটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার কাফির জন্মদিন ছিল বলে জানান তার মা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা জানান, রাত সাড়ে আটটার দিকে কাফী পিরোজপুরের বেকুটিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে পন্টুনের  দক্ষিণ পাশে আগে থেকেই নোঙ্গর করা একটি ফেরির দিকে যেতে থাকেন। কিন্তু কাফী পা ফসকে পন্টুন ও ফেরির মাঝে ফাঁকা জায়গায় পড়ে নদীতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশালের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।