নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসা থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশের এলাকার আবুল কালাম আজাদের ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে।

আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুইটি ছেলে সন্তান আছে। ওরা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।