চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ওরিয়ন নিট টেক্সটাইল মিলের শ্রমিকরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, তারা এ টেক্সটাইল মিলে দেড় সহস্রাধিক লোক কাজ করেন। চলতি মাসের অর্ধেক সময় তারা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন দেয়ার জন্য তারা কর্তৃপক্ষের কাছে দাবি করে শনিবার বিকালে মিল গেটে বিক্ষোভ করেন। পরে দাবির বিষয়টি আমলে নিয়ে ওইদিন তাদের ছুটি দেয়া হয়। কিন্তু গতকাল সকালে তারা মিল গেটে গিয়ে দেখেন মূল ফটকে তালা ঝোলানো। বেতন না দিয়ে বরং ২৬ জুলাই পর্যন্ত মিল বন্ধ ঘোষণার নোটিস টানিয়ে দেয়া হয়েছে। তখন তারা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তার বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন। মিলের প্রশাসনিক ম্যানেজার ইসমাইল হোসেন জানান, শ্রমিকরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলেন। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেয়া সম্ভব হচ্ছে না।

ভালুকা শিল্প পুলিশের এএসপি কাজি সাইদুর রহমান জানান, ওরিয়ন নিট টেক্সটাইল মিলে বিক্ষোভের খবর পেয়ে তারা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।