রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন। শনিবার (২৩ আগস্ট) বিকালে নিজেই বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন তিনি।
ড. এম আমজাদ হোসেন বলেন, ‘গত ২০ আগস্ট রাষ্ট্রপতি আমাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। সেদিনই রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেছিলাম। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় পদত্যাগপত্রটি তখন পৌঁছায়নি। এখন উপাচার্য পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
রাকসু নির্বাচনে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে হবেন, এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে। সম্ভবত বাকি নির্বাচন কমিশনারদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হবে।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বণিক বার্তাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সরকারি আদেশে ড. এম আমজাদ হোসেনকে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি স্বয়ংক্রিয়ভাবে আর দায়িত্বে থাকবেন না। প্রধান নির্বাচন কমিশনার ঠিক না হওয়া পর্যন্ত সিনিয়র সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনী কার্যক্রম থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে। বর্তমানে কমিশনের সিনিয়ররা এ নিয়ে কাজ করছেন।’
তিনি আরো বলেন, ‘আজকের মধ্যেই উপাচার্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নতুন প্রধান নির্বাচন কমিশনারকে নির্ধারণ করবেন।’
উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে রাবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেনকে সরকারি কর্মকমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।










