গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ গ্রামে ছোট ভাই আমিরুল প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ছায়েল প্রধান বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর)  বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মমিন প্রধানের স্বজনরা।  


এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়নসুখ গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত আব্দুল মমিন প্রধান নয়নসুখ গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে।  


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আব্দুল মমিন প্রধানের সঙ্গে তার দুই সৎ ভাই আমিরুল প্রধান ও আনারুল প্রধানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।এর আগে এই জমি নিয়ে স্থানীয় সালিশ বৈঠকে আপস করাও হয়। পরবর্তীতে দুই সৎ ভাই এই মীমাংসা  মেনে  না নিয়ে আবার শুক্রবার  বিকেলে আব্দুল মমিন প্রধানের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে আব্দুল মমিনকে একা পেয়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে আনারুলের ছেলে আওলাদ মিয়া। তখন আমিরুল প্রধান তার ভাই আব্দুল মমিন প্রধানের পুরুষাঙ্গে বেশ কয়েকবার লাথি মারেন। তারপর ভুক্তভোগীর ছেলে ছায়েল প্রধান বাঁচাতে এলে তাকেও মারধর শুরু করেন। এছাড়া নিহতের ছেলের স্ত্রী রোকসানা বেগম সেখানে গেলে তার মুখমণ্ডলে আঘাত করে। এরপর পরিবারের স্বজনরা আব্দুল মমিনকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শুক্রবার রাতে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে রেফার্ড করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  


গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজান মিয়া বলেন, নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি মামলার আবেদন করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে ।