নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা করা হয়েছে। 

গত রোববার রাতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলাটি করেছেন। মামলায় আরো সাতজনকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তসলিম হোসেন। তিনি বলেন, ‘‌অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি ও জাল রায় দিয়েছেন।’