কুষ্টিয়ায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ২টার দিকে জেলা শহরের বড়বাজার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। 

আহত মুদি দোকানি নজরুল ইসলাম শাহকে (৪০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কুষ্টিয়া শহরতলির লাহিনী বটতলা এলাকার নূর মোহাম্মদ শাহের ছেলে। এদিকে কুষ্টিয়া শহরের ব্যবসার প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহত ব্যবসায়ীর ভাইয়ের ছেলে সোহান জানান, তার চাচা নজরুল শাহ মুদি দোকানের জন্য মালপত্র ক্রয় করতে শহরের বড়বাজার এলাকায় যান।

 বড় বাজারের উত্তর গেটে চারজনের একটি ছিনতাইকারীর দল তার পথ রোধ করে দাঁড়ায়। দুর্বৃত্তরা তার কাছে টাকাগুলো চায়। তিনি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ১ লাখ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’