নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে ঘটনাটি ঘটে। 

আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল বেসান্তর, রাকেশ দেবনাথ, আনাস মিগেল ও শাকিল আহমেদ। তাদের মধ্যে বেসান্তর ও রাকেশকে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামিকে নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সরকারসহ পাঁচ সদস্য। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগে তাদের বহনকারী মাইক্রোবাসটির এয়ার ফিল্টার বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে দ্রুত স্থানীয় মিম ফিলিং স্টেশনের অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মাইক্রোবাসের ইঞ্জিন জটিলতা থেকে এয়ার ফিল্টার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং আসামিদের ভিন্ন গাড়িতে লক্ষ্মীপুর পাঠানো হয়েছে।