মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, স্বপ্নের পদ্মা
সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, এ সেতু আজ প্রতিবাদের ভাষা। এই পদ্মা সেতু বাঙালি
জাতির উন্নয়নের প্রতীক। এবং এ সেতু দিয়েই সারা পৃথিবীর মোড়লদেরকে শেখ হাসিনা প্রমাণ
করে দিয়েছিলেন যে আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করে দেব বিশ্ব
মোড়লের ধার এই বাঙালি জাতি কখনোই ধারে না, কখনো ধারবেও না।
শনিবার (১৩ জুলাই) দুপুরে শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (১ম
সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা
বলেন।
ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন এ টেপাখোলা লেক উন্নয়নে দুইশো কোটি
টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, ফরিদপুরবাসীর
স্বপ্ন পূরণের রাস্তা সুগম হবে খুব শিগগিরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইশো কোটি টাকা
ব্যয়ে টেপাখোলা লেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই টেপাখোলা লেককে কেন্দ্র করেই
গড়ে উঠবে ফরিদপুরের নতুন উপশহর।
তিনি বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শিগগিরই পূরণ হতে
চলেছে। আমি এখনই তা প্রকাশ করতে চাই না।
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময়
মঞ্চে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য
এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী
আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি
শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী ফরিদপুর এলজিইডি ভবনে পল্লী কর্মসংস্থান
ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের আওতায় দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ করেন।
এছাড়া বিকাল সাড়ে তিনটায় নির্বাচনী এলাকার ফরিদপুর সদর ও বোয়ালমারী
উপজেলার সংযোগস্থল কাদিরদী বাজারের কুমার নদে ৮০ মিটার ব্রিজ উদ্বোধন এবং বিকাল সাড়ে ৪টায় মধুখালী উপজেলার কামারখালী ভায়া
জামালপুর আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন শেষে স্থানীয়দের আয়োজনে এক জনসভায় বক্তব্য দেন।










