প্রবাসী বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেবলচালা গ্রামের নাছির উদ্দিন (২৩), আন্দি পূর্ব পাড়া গ্রামের জুয়েল (৩২) এবং মধুপুর উপজেলার মুসলিম উদ্দিন (৩০)। এছাড়া প্রাইভেটকার চালক আজিজুল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বন্ধু মামুন মিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসছিলেন মোসলেম উদ্দিন, নাসির ও জুয়েল। তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশ করছিল। এ সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি দ্রুতগামী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই মারা যান। মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনায় প্রাইভেটকার চালক আজিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।










