তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশকে আর কেউ পাকিস্তান বা আফগানিস্তান বানাতে পারবে না। দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, মুজিব আদর্শে উজ্জীবিত। সোমবার জামালপুর শহরের বকুলতলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় জামালপুর প্রেস ক্লাবের নির্বাচন ও দলীয় প্যানেল গঠনের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, ফারুক আহাম্মদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, ছানোয়ার হোসেন ছানু, অধ্যাপক সুরুজ্জামান, বিজন কুমার চন্দ ও ছানোয়ার হোসেন বাদশা।