চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়ক দাবির অংশ হিসেবে আবারো মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ ও নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডা. মো. আজিজুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইসমাঈল হোসেন সিরাজী, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি নুরুল ইসলাম নুর, সচেতন শিক্ষার্থী শিবগঞ্জের পক্ষে সাইমুল ইসলাম, রাহাত আলী, নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে ফাইয়াজ রহমান তনয়, আদর্শ মানবসেবা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জিহাদ আলীসহ অন্যরা। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়। কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না। চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত চার লেনে সড়ক উন্নীতকরণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত চার লেনের সড়ক বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।