অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদনদী এবং হাওরের পানি বাড়ছে। গতকাল বিকালে যাদুকাটা নদীর পানি বেড়ে তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। এতে ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আনোয়ারপুর বাজার সড়ক।

স্থানীয়রা জানান, গতকাল সকালে সড়ক দিয়ে যাতায়াত করে গেছে। কিন্তু দুপুরে দ্রুত পানি বেড়ে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার এলাকায় সড়ক তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সঙ্গে সরাসরি যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জের আরো কিছু স্থানে পানি বৃদ্ধি পাবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা বলেন, গত ৪৮ ঘণ্টায় ভারতের মেঘালয়ে বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের নদনদীর পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং পাউবোর তথ্যানুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তত্সংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। জেলার নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই নদীর) পানি কতিপয় পয়েন্টে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় স্থানে পানি সমতল বিপত্সীমা অতিক্রম করতে পারে।

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আনোয়ারপুর এলাকায় পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল করতে পারছে না।

গত বছর এ জায়গা বন্যায় ভেঙে যাওয়ায় এবার সাবমারসিবল নিচু সড়ক করা হয়। যার জন্য বন্যার পানিতে তলিয়ে গেছে।