জেলার সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আউটপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সঙ্গে বিপরীতগামী বালুবোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিনজন নিহত হন।

নিহত চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। অন্য দুজন হলেন জসিম তালুকদার (৪৫)  ও তার নাতি ইয়াসিন (৫)। 

এ দুর্ঘটনায় আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক।

ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।