নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটে। অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর চার সদস্যকেও আটক করেছে র্যাব।
নিহত দস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন (৪৩) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।
আটকরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন (৪০) ও হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ (৩০)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দস্যুদের জমায়েতস্থলে অভিযান চালানো হয়। টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে গোলাগুলিতে বাহার নিহত হন।
পরে ঘটনাস্থল থেকে ৬টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ বাহারের চার সহযোগীকে আটক করা হয়। বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।










