রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুজন এবং ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৩২ জন। গতকাল বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর ও মেহেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রংপুর: সকাল ১০টার দিকে পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সী ছেলে ইশরাত ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অন্তত ২৮ জন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
আহতের মধ্যে প্রাথমিক চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে ফিরলেও পীরগঞ্জ উপজেলার ইমু ও মিলন, বগুড়া সান্তাহারের মাহাফুজা ও মাইশা, নিহত শিশুর মা হাতীবান্ধার সাবিনাসহ পাঁচজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকার আব্দুল খালেক ও বগুড়ার শামীমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টুকুরিয়ার মোনাইল নামক স্থানে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহাজাদী বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী রামনাথপুর গ্রামের মোনাজ্জল মাস্টারের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ারুল ইসলাম। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ী মণ্ডলপাড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় মাটিবাহী ট্রাক্টরচাপায় ইমরুল হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল কসবা পৌর শহরের আড়াইবাড়ী গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে। সে শহরের আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর: জেলার ভাণ্ডারিয়ায় বাসের সঙ্গে টমটমের ধাক্কা লেগে হাসিব হাওলাদার (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল উপজেলার মার্দাসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। ভাণ্ডারিয়া থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) নামে দুজন গুরুতর আহত হয়।
ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মেহেরপুর: গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চোখতোলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি। বুড়ি খাতুন গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে।










