পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘‌‌বিএনপি জনগণের কোনো সহযোগিতা চায় না। তারা বিদেশীদের সহযোগিতা চায়। এটি দুঃখজনক।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সম্প্রতি ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুপ্রতিম রাষ্ট্রের সহযোগিতা কামনা’ করে যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘‌আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে বিএনপি নিজেই ধপাস করে পড়ে এখন হাঁটা শুরু করেছে। হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করছে। দল টিকিয়ে রাখা, অস্তিত্ব জানান দেয়ার জন্যই মঈন খান এসব কথা বলছেন।’ 

শেখ হাসিনার সরকার অত্যন্ত শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এবং এ ভিত জনগণের গভীরে প্রোথিত বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘‌বিএনপি এখন নড়বড়ে হয়ে গেছে। তাদের নেতাদের ওপর কর্মীদের কোনো আস্থা নেই। মূল নেতাদের ওপর কেন্দ্রীয় নেতাদের আস্থা নেই। নেতৃত্বের টানাপড়েন চলছে।’ 

ইফতারিতে বরই দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‌সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে পণ্যসামগ্রী পায়, সেজন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীরা যেন অহেতুক ইফতারসামগ্রীর মূল্যবৃদ্ধি না করতে পারে সেজন্য নানা ব্যবস্থা নেয়া হয়েছে। 

হাছান মাহমুদ বলেন, ‘‌প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রমজানে যেন অহেতুক কোনো ব্যয় করা না হয়, অহেতুক কোনো ইফতার পার্টিও না করা হয়। সেই টাকা যেন সাধারণ মানুষকে দেয়া হয়। সে হিসেবে আমি আমার এলাকায় এবং সব সংসদ সদস্য ও নেতারা যার যার এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছি। অন্যদিকে বিএনপি রমজানের প্রথম দিনই ইফতার পার্টি করে সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে।’ 

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজের নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘‌আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক ও জাহাজ দুটোই মুক্ত করা।’