সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ওয়াকফ প্রশাসক পদে তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এ কর্মকর্তাদের আগামী এক বছর মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হয়েছেন ড. মোহাম্মদ জাকারিয়া, ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাফিজ উদ্দিন আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আব্দুল্লাহ আল বাকীকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।