‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকাল ৯টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ক্যাম্পেইন শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করেছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এ ক্যাম্পেইন সকাল থেকে দুপুর পর্যন্ত মঞ্জিতপুর , মুন্সিপাড়া, রাজার বাগান কলেজ ঋষিপাড়াসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি জমে থাকা নোংরা পানি পরিষ্কার কর হয়।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব হ্রাস করা।

এ সময় ব্রাকের সিসিএইচ প্রজেক্ট ডিস্টিক ম্যানেজার মো. সোহেল রানা, শ্যামনগর উপজেলার প্রোগ্রাম অফিসার মো. গালিব, ক্রিসেন্ট সোসাইটির ইউএলও হাসিবুর ইসলাম সোহান, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম, ওয়ার্ডের কমিউনিটি হেলথ ওয়ার্কাররা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।