পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ২ ফুট। আজ বুধবার সকাল সাড়ে দশটায় সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ডলফিনটি মাটি চাপা দেয়।  

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে ৪ থেকে ৫ ঘণ্টা আগে এটির মৃত্যু হয়েছে। 

একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বন বিভাগ। তবে সুনির্দিষ্ট কারণ কেউ বলতে পারছে না। এ সম্পর্কে জেলা বন বিভাগর সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। এসব প্রাণীর মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য বিজ্ঞানভিত্তিক কিছু করা যায় কি না, তা খুঁজে বের করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে এবছর সৈকতে আটটি মৃত কচ্ছপ এবং পাঁচটি মৃত ডলফিন ভেসে উঠেছে।