দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না। তাই টিকা কার্যক্রম ও মাস্ক ব্যবহারের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে আগামীতে আর লকডাউনের কঠোর বিধি নিষেধ দেয়ার প্রয়োজন হবে না। তবে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারো করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত টিকার মজুদ হয়েছে। যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় বিনামূল্যে টিকা কার্যক্রমের পাোপাশি, কভিড-১৯ পরীক্ষা ও চিকিত্সায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসরামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।










