পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন যশোরে ফলদ গাছের চারা বিতরণ করেছে। গতকাল যশোর সদরের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়, হামিদপুর প্রাথমিক বিদ্যালয় এবং হামিদপুর ক্রিসেন্ট প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৭৫০টি বিভিন্ন প্রজাতির আমগাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. তৌহিদুর রহমান, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সোবহান, হামিদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম তরিকুজ্জামান এবং হামিদপুর ক্রিসেন্ট প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্যরা অংশ নেন। তারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলবে এবং আগামী প্রজন্মকে গাছের গুরুত্ব সম্পর্কে অনুপ্রাণিত করবে।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির যশোর শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, ‘লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণিকুলের আশ্রয়স্থল সৃষ্টি, মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’










