চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের অধিকাংশ নারী ভোট দিতে যান না। জৈনপুরের পীর আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর অনুরোধে তারা গত ৫৪ বছর এ নাগরিক অধিকার থেকে নিজেদের বিরত রেখেছেন। চাঁদপুর-৪ আসন অন্তর্ভুক্ত এ ইউনিয়নটিতে নারী ভোটার রয়েছেন ১০ হাজার ২৯৯ জন। পাঁচ দশকের বেশি সময় ধরে চলে আসা এ রীতি ভাঙতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অঞ্চলটির নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নারী ভোটারদের নিরাপত্তা, পর্দা ও স্বাচ্ছন্দ্য বিবেচনায় প্রতিটি ধাপে নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন বলেও প্রত্যাশা নির্বাচনসংশ্লিষ্টদের।

গতকাল বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনের প্রতিটি ধাপে নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। নারীদের পর্দা মেনে ভোট দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসবেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে জৈনপুরের পীর আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর অনুরোধ মেনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট দিতে যান না। মাঝে মধ্যে স্থানীয় নির্বাচনে প্রার্থীদের কাছের আত্মীয়রা ভোট দিলেও সে সংখ্যা ছিল নামমাত্র। ভোট ছাড়া বাকি সব কাজেই নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে ভোট দেয়ার জন্য উদ্যোগ নেন। সে উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণের আটটি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

ফরিদগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের আটটি কেন্দ্রে নারী ভোটারদের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। বুথগুলোর জন্য সহকারি প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি ও আটটি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আটজন প্রার্থীকে ওই বুথগুলোয় নারী পোলিং এজেন্ট নিয়োগ দেয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধও করা হয়েছে।