পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহের। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র হরমুজ প্রণালি অতিক্রমে ইরানের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সাক্ষাৎকালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি মতপার্থক্যগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।
খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন যাতে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলে সহায়তা করেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘ইরান যখন হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পাওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিলাম।’
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে জানান, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ‘বাংলার জয়যাত্রা’ ও অপর একটি বাংলাদেশগামী অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের জন্য সহায়তা আশা করেন। রাষ্ট্রদূত জানান, ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পর্যায়ে যোগাযোগ করছে।










