‘বই হোক মুক্তির হাতিয়ার’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো ‘উন্মুক্ত লাইব্রেরি দিবস’ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন ফটকের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে দিবসটি আয়োজিত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল। 

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, রম্যরচনা, নৃত্য, লোকগীতি বাউল গানেরও আয়োজন করা হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি প্রতিষ্ঠায় অবদান রাখায় কুড়িগ্রামের জয়নাল আবেদিনকে ‘পলান সরকার সম্মাননা’ দেয়া হয়। 

অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং লাইব্রেরির প্রতিষ্ঠাতা তানভীর হাসান সৈকত উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, দেশজুড়ে জেলা, উপজেলা পর্যায়ে উন্মুক্ত লাইব্রেরি করা গেলে আমাদের মানবিক মূল্যবোধের জায়গাটি অনেকভাবে বদলে যাবে। বই মানুষের চেতনার দিগন্তকে আলোকিত করবে।