চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী শহিদুল ইসলাম শহিদের (৩৭) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাতদিন পর গতকাল বেলা সাড়ে ৩টায় জীবননগর উপজেলার দৌলতগঞ্জ-মাজদিয়া চেকপোস্ট দিয়ে মরেদহ ফেরত দেয় বিএসএফ। এর আগে সেখানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
২৯ নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তের অন্য পাশে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন শহিদুল ইসলাম। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। অভিযোগ রয়েছে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদকদ্রব্য আনতে গিয়েছিলেন। ওই দিন বিকালে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হন।
তবে শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেন, সকালে কাজে গিয়েছিলেন তার স্বামী। ওই দিন বেলা দেড়টা-দুইটার দিকে তিনি কাজ শেষ করে বাড়ি এসেছিলেন। এরপর বিকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। তারপর তিনি আর বাড়ি আসেননি।










