চাঁদপুর নৌ সীমানার পদ্মা ও মেঘনা নদীতে মার্চ-এপ্রিল মাসে নিষেধাজ্ঞার সময় জব্দকৃত ৫২ জেলে নৌকা নিলামে তুলেছে কোস্টগার্ড। উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে সাড়ে ১৭ লাখ টাকায়।

আজ বুধবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, ১৭ লাখ ৩১ হাজার ৭৫৬ টাকায় ৫২টি নৌকা উন্মুক্ত নিলাম প্রক্রিয়ায় মাধ্যমে বিক্রি করা হয়। সে টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তখন জাটকা ধরার সময় জব্দ করা হয় এই ৫২ জেলে নৌকা।

জেলা টাস্কফোর্স কমিটির প্রধান ও জেলা প্রশাসক  কামরুল হাসানের নিদের্শে উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিলাম কমিটির আহ্বায়ক আক্তার জাহান সাথী, সদস্য সচিব সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ কমিটির সদস্যরা।