ভাসমান কৃষির ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। বরিশালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তিবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গতকাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) ভাসমান বেডে সবজি ও মসলা চাষ, গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের উদ্যোগে মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. ফেরদৌসী ইসলাম বলেন, ‘ক্রমবর্ধমান মানুষের খাবারের চাহিদা মেটাতে ফসলের আবাদ এবং উৎপাদন বাড়ানো দরকার। যেহেতু জমি কমছে, তাই দেশের জলমগ্ন স্থানগুলো আমরা কাজে লাগাতে পারি। এই সুযোগ দক্ষিণাঞ্চলের জন্য সবচেয়ে বেশি। এসব এলাকার নিম্নাঞ্চলে ভাসমান বেডে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসলের আবাদ করলে পতিত জমি ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণেই ভাসমান কৃষির ওপর এ ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। তা বাস্তবায়নে দক্ষিণাঞ্চলের কৃষি আরো সমৃদ্ধ হবে।’

মাঠ দিবসে বাবুগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়া এবং বানারীপাড়ার ৮০ কৃষক অংশগ্রহণ করেন।