মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়। এমন অসাম্প্রদায়িক রাষ্ট্রনেতা আমাদের সাব কন্টিনেন্টে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার ঐতিহ্য ধারণ করেন। সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যার্থে কোথাও যেতে চাইলে তাদের আর্থিক সহযোগিতা করার সুযোগ রয়েছে। তিনি গতকাল পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, একটা সময়ে দেশে এমন অবস্থা হয়েছিল, অত্যাচারিত হয়ে হিন্দুরা পূজা করতে পারত না। ঘটপূজা করা লাগত। ২০০১-এর বিএনপি-জামায়াত সরকারের আমলে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ছিল। বাড়িতে থাকতে পারত না। হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলা হতো। এখন হিন্দু সম্প্রদায়ের লোকজন উচ্ছ্বাসের সঙ্গে পূজা উদযাপন করতে পারছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, প্রিয়ংকা সিকদার। পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে প্রিয়াংকা সিকদারের লেখা কাব্যগ্রন্থ অতৃপ্ত অভিলাষ-এর মোড়ক উন্মোচন করেন।










